ভারতের সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে ২ লাখ ৯৫ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। অন্য দিকে, বসিরহাট কেন্দ্র থেকে সাড়ে তিন লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান।
সোমবার স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ সংসদে ভবনে পৌঁছান মিমি ও নুসরাত। প্রথমেই যান সংসদ ভবনের ৬২ নম্বর ঘরে। সেখানে নতুন সদস্যদের নাম, ঠিকানা, ফোন নম্বর, দিল্লির অস্থায়ী ঠিকানা-সহ বেশ কিছু প্রাথমিক তথ্য দিতে হয়। সে সব কাজ শেষ করার পর সন্ধ্যায় কলকাতার বিমান ধরেন মিমি। আর নুসরাত কলকাতা ফিরবেন বুধবার।
টুইটারে সংসদ ভবনের সামনে তোলা ছবি শেয়ার করে নুসরাত লেখেন, ‘নতুন শুরু। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের সব মানুষকে আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই।’
মিমি লেখেন, ‘স্বপ্নের কথা মনে রাখো এবং তার জন্য লড়াই করো।’
এদিকে টুইটারে প্রকাশ করা তাদের যুগল একটি ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। লোকসভা নির্বাচনের ময়দানে পা রাখা থেকেই সমালোচিত নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তীকে নিয়ে বিতর্কের মাত্রা আরও বাড়ল। কারণ তাদের ওই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ নেটিজেনরা ওই ছবি নিয়ে শুরু করে দিয়েছেন বিতর্ক। তাদের প্রশ্ন সংসদের সামনে দাঁড়িয়ে ফটোসেশনের কী দরকার? এই প্রশ্ন তুলে নব্য দুই সাংসদের সমালোচনায় মুখর নেটিজেনরা৷ শুধু তাই নয়, মিমি, নুসরাতের পোশাক নিয়েও কটাক্ষ করেছেন অনেকেই৷
টলিপাড়ায় গুঞ্জনের সৌজন্যে মোটামুটি সকলেই জানেন মিমি এবং নুসরাতের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ৷ তাই তার প্রতিফলন দেখা যায় সংসদের সামনেও৷ সেখানেও নুসরাত এবং মিমিকে একই সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে৷ মেরুন রঙের ফরমাল পোশাকে সংসদে যান নুসরত৷ সংসদে ঢোকার আগে ছবি তোলেন নুসরত৷ হাসি হাসি মুখে তোলা সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷ সাদা শার্ট, নীল জিনস এবং স্নিকার্স পরিহিতা যাদবপুরের সাংসদ মিমিও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷
মিমি, নুসরাতদের ছবি ভাইরাল হতেই সমালোচনার ঢেউ৷ কেউ কেউ বাংলার দুই তৃণমূল সাংসদের রূপের প্রশংসা করেছেন৷ আবার কেউ কেউ তাদের এভাবে দেখে রেগে আগুন৷ ক্ষুব্ধ নেটিজনদের অনেকেই নুসরাতকে লিখেছেন, ‘‘এটা ফটোশুটের জায়গা নয়৷ এটি মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের জায়গা৷’’ প্রায় একই ভাষায় মিমিকে আক্রমণ করেছেন নেটিজেনদের একাংশ৷ তাঁরা লিখেছেন, ‘‘এটা আপনার ছবির শুটিংয়ের সেট নয়৷ আপনি কি সংসদে নাটক করতে গিয়েছেন?’’ কোনো কোনো নেটিজেন তো আবার মিমি-নুসরাতের এভাবে ছবি পোস্ট করাকে ‘লজ্জাজনক’ বলেও তোপ দেগেছেন৷ সমালোচনা করতে গিয়ে দুই সাংসদের পোশাক নিয়েও খোঁচা দিয়েছেন কেউ কেউ৷ ফরমাল পোশাকে সংসদে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই৷