ভারতে পশ্চিমবঙ্গে বিজেপি ঝড়ের মধ্যে তৃণমূলের সঙ্গে এবার ঘর ভাঙল সিপিএমেরও। মঙ্গলবার বামদলটির হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় যোগ দিলেন বিজেপিতে।
জি নিউজ জানায়, লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে বাম প্রার্থী মোহম্মদ সেলিমের হয়ে প্রচারে দেখা গিয়েছিল দেবেন্দ্রনাথকে।
গত বিধানসভা নির্বাচনে সিপিএম হাতেগোনা যে কয়েকটি আসন জিতেছিল তার মধ্যে হেমতাবাদ একটি। তৃণমূলের সবিতা ক্ষেত্রিকে হারান তিনি।
লোকসভা নির্বাচনের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছিলেন খগেন মুর্মু। ভোটে জিতে সাংসদ হয়েছেন তিনি।
এদিকে তৃণমূল কংগ্রেসের ৩ বিধায়ক এবং ৪ পৌরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরও যোগ দিয়েছে বিজেপিতে। এর মধ্য দিয়ে চারটি পৌরসভা হাতছাড়া হয়ে গেল তৃণমূলের।
মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। এতে উপস্থিত ছিলেন এ রাজ্যের নেতা মুকুল রায়-সহ অন্যান্যরাও। তারা দলে যোগ দেওয়া নেতা-নেত্রীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
কৈলাস বিজয়বর্গীয় বলেন, “মোদিজি বলেছিলেন, রাজ্যের ৪০ বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। আজ সেই দলবদলের প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পূর্ণ হল।”
মুকুল রায় বলেন, “আগামী বিধানসভার নির্বাচনে বিরোধী দলের তকমাও মিলবে না তৃণমূলের।”