ভালো শুরুর পর হঠাৎই ছন্দ পতন হয়েছিল বাংলাদেশের ইনিংসে। পর পর দুই বলে ফিরেছিলেন সৌম্য সরকার ও সাকিব আল হাসান। তবে ওপেনার লিটন দাসের সঙ্গে তৃতীয় উইকেটে দারুণ জুটি গড়ে তুলেছেন মুশফিকুর রহিম। এই দুই ব্যাটারের ব্যাটে এখন ভারতের দেওয়া বড় লক্ষ্যের পেছনে ছুটছে বাংলাদেশ।
মঙ্গলবার কার্ডিফে ভারতের দেওয়া ৩৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৩১ ওভার শেষে ১৬৪/২। লিটন ও মুশফিক দুজনই তুলে নিয়েছেন ফিফটি। লিটন ৭৩ ও মুশফিক ৫৪ রান নিয়ে ব্যাট করছেন।
লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাস ও সৌম্য সরকার উদ্বোধনী জুটিতে দারুণ খেলছিলেন। যোগ করেন ৪৯ রান। কিন্তু জাসপ্রিত বুমরাহর করা নবম ওভারের দুটি বলই এলোমেলো করে দিল সব। সৌম্য সরকার ও সাকিব আল হাসান ফিরে গেলেন পর পর দুই বলে। সৌম্য ২৫ রান করে ফিরেছেন। সাকিব ফিরেছেন গোল্ডেন ডাক মেরে।
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৫৯ রান করে ভারত। মহেন্দ্র সিং ধোনি ১১৩ ও লোকেশ রাহুল ১০৮ রান করেন।
চোটের কারণে এ ম্যাচে খেলছেন না তামিম ইকবাল।