ঘূর্ণিঝড়ে মাটি ফুঁড়ে উঠে এল ৪০০০ বছরের পুরোনো জঙ্গল

ঘূর্ণিঝড়ের পর মাটির নিচ থেকে উঠে এসেছে চার হাজারেরও বেশি পুরোনো এক জঙ্গল। এত দিন মাটির নিচে চাপা পড়া ছিল ব্রোঞ্জ যুগের জঙ্গলটি। দক্ষিণ-পশ্চিম যুক্তরাজ্যের ওয়েলসে এ ঘটনা ঘটেছে।

দ্য সান জানায়, চার হাজার বছর আগে এক বন্যায় ডুবে গিয়েছিল আস্ত জঙ্গলটি। মাটি, সমুদ্রের নোনা জল, বালি এবং নিচে প্রায় হারিয়ে গিয়েছিল এটি। কিন্তু একটি ঘূর্ণিঝড় আবার সবকিছু পাল্টে দিল। মাটি ফুঁড়ে উঠে বেরিয়ে আসে পুরোনো এ জঙ্গল।

গত ২২ মে হ্যারিকেন হ্যানা সেখানে আঘাত হানে । এতেই সমুদ্র তীরবর্তী বর্থ এবং আনিস্লাস গ্রামের মধ্যবর্তী তিন-চার কিলোমিটার এলাকা জুড়ে ওই জঙ্গলের হদিস মেলে। হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়ে আসা ওই জঙ্গল নিয়ে হইচই পড়ে যায় চারদিকে।

স্থানীয় সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ জঙ্গলের ছবি ভাইরাল হয়ে পড়ে। এতে দেখা যায়, শিকড়-বাকড়সহ বহু গাছের অবশিষ্ট অংশ মাথা তুলে দাঁড়িয়েছে। কোনো কোনো গাছের ওপর আবার ঘাসের আস্তরণও চোখে পড়ে।

স্থানীয়দের মতে, জঙ্গলের পাশাপাশি এখানে জনবসতিও ছিল। চাষযোগ্য উর্বর জমিও ছিল। বন্যা আটকাতে চারদিকে মজবুত বাঁধও নির্মাণ করেছিল মানুষ।

জনশ্রুতি আছে, এক মেরেডিড নারী পুরোহিত নাকি দায়িত্ব অবহেলা করায় তার অধীনে থাকা একটি কুয়ার পানি উপচে পড়ে। তাতে সবকিছু ডুবে যায়। সেইখানে ছিল এ জঙ্গলও।

এর আগেও ওই এলাকায় কিছু গাছের অবশিষ্ট অংশ চোখে পড়ে। মানুষের জীবাশ্ম এবং পশুপাখিদের পায়ের ছাপও খুঁজে পান প্রত্নতত্ত্ববিদরা। তবে বিস্তৃত এলাকা জুড়ে জঙ্গল দেখা গেল এই প্রথম।