জাপানে ছুরি হামলায় শিশুসহ নিহত ৩

জাপানের রাজধানী টোকিওর নিকটবর্তী কাওয়াসাকি শহরের রাস্তায় একদল স্কুল শিক্ষার্থীর ওপর ছুরি হামলায় তিন জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই জন শিশু ও ৩৯ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে টোকিওর নিকটবর্তী ওই শহরে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সকালে কারিতাস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় হঠাৎ করে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি দুই হাতে ধারালো ছুরি নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে নিহতের ঘটনা ছাড়াও অন্তত ১৮ জন আহত হয়েছে।

হামলার এক পর্যায়ে ওই ব্যক্তি নিজের ঘাড়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। আহত অবস্থায় তাকে আটক করে জাপান পুলিশ। হাসপাতালে পুলিশ হেফাজতে থাকাকালীন ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা যায়। তবে ঠিক কী উদ্দেশে ওই ব্যক্তি স্কুলের শিশুদের ওপর হামলা চালিয়েছে তা জানা যায়নি।

কাওয়াসাকির নবরিতো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল ৭টা ৪৫ মিনিটে টেলিফোনে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখান থেকে ১৩ শিক্ষার্থীসহ ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।