লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রামগতি উপজেলার বড়খেরী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, ঘরের টিনের চালা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো রামগতি উপজেলার বড়খেরী গ্রামের মৃত মীর সেলিমের ছেলে মো. সুমন (১৩) ও মো. ইব্রাহিমের ছেলে মো. নাহিদ (১১)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তারা দুজনই রবুনাথপুর পল্লী-মঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, ঘটনার সময় সুমন ও নাহিদ তাদের ঘরের টিনের চালায় আটকে থাকা পাতা পরিষ্কার করছিল। এ সময় একটি বৈদ্যুতিক তার ঘরের চালার টিনের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়। প্রথমে সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সুমনকে বাঁচাতে গিয়ে নাহিদও বিদ্যুৎস্পৃষ্ট হয়। রামগতি থানার ওসি এ টি এম আরিচুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত দুই স্কুলশিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।