দুই মাস অভিভাবকহীন থাকার পর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এডহক কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের এ কমিটি আগামী ৬ মাস দায়িত্ব পালন করবে। এ কমিটি নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও রুটিন কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে স্কুল কর্র্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে স্কুলটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ফেরদৌসি বেগম গতকাল মঙ্গলবার বলেন, ‘বেশ কিছুদিন স্কুলে কোনো কমিটি ছিল না। আজ (গতকাল মঙ্গলবার) এডহক কমিটি গঠন করে ঢাকা বোর্ড থেকে চিঠি দেওয়া হয়েছে। আগামী ১৫ জুলাই থেকে কমিটির কার্যক্রম শুরু হবে।’
কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক খানকে সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সদস্য সচিব, কামরুন নাহার সিদ্দিকীকে সদস্য এবং মো. শাহিদুজ্জমানকে অভিভাবক সদস্য করা হয়েছে ।