ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। পুলিশ জনগণের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে। তাই ভয় না পেয়ে সতর্ক থাকুন। কোথাও সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানান।’ গতকাল মঙ্গলবার রাজধানীর নিউ মার্কেটে ঈদের কেনাকাটা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মালিবাগে পুলিশের গাড়িতে হামলার বিষয়ে কমিশনার আছাদুজ্জামান আরও বলেন, ‘এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে তদন্তকাজ কাক্সিক্ষত গতিতে এগোচ্ছে। তদন্তে কী উদ্দেশ্যে, কারা, কেন এবং কাদের টার্গেট করে এ হামলা করা হয়েছে, তা বের করার চেষ্টা করা হচ্ছে। দ্রুত এ ঘটনার তদন্ত শেষ হবে বলে আশা করছি। এ ঘটনায় জড়িতরা আইনের আওতায় আসবে।’ চক্রান্তকারীরা পুলিশের ওপর হামলা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এসব ঘটনার মোটিভ দেখে ধারণা করা হচ্ছে, ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য এ হামলা হয়েছে। এর মাধ্যমে চক্রান্তকারীরা বিশেষ ফায়দা নেওয়ার জন্য বসে আছে। ২০১৪ ও ’১৫ সালে আমরা এ ভীতিকর পরিবেশ দেখেছি। তবে জনগণকে বলব আপনারা সতর্ক থাকুন। কিন্তু ভয় পাবেন না। আমরা আপনাদের নিরাপত্তায় সচেষ্ট আছি।’