বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সৈয়দ আবু জাফর নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাকে গত ২০ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ মে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সকাল ১০টায় সৈয়দ আবু জাফরের মরদেহ মুক্তিভবনে সিপিবি কার্যালয়ে নেওয়া হবে। পরে সেখান থেকে জন্মস্থান মৌলভীবাজারে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
সৈয়দ আবু জাফর ১৯৫৪ সালের ১১ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৌলভীবাজার সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর ঢাকা সিটি ল কলেজে ভর্তি হন। পরে উচ্চতর পড়াশোনার জন্য ১৯৭৯ সালে তিনি জার্মানি যান।
ছাত্রজীবনে প্রগতিশীল ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন সৈয়দ আবু জাফর। ছাত্র রাজনীতির পাশাপাশি সিলেটের বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনে সোচ্চার ছিলেন।
সিলেটে চা শ্রমিক হত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৯৭২ সালে সৈয়দ আবু জাফর আহমেদ প্রথম কারাবরণ করেন। জেল থেকে বের হওয়ার পর আবার ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে তিনি গ্রেপ্তার হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় ফের তিনি গ্রেপ্তার হন এবং বিনা বিচারে দীর্ঘ ১ বছর কারাগারে কাটান।
এছাড়া এরশাদবিরোধী আন্দোলনেও সৈয়দ আবু জাফর আহমেদ সমান সক্রিয় ছিলেন। গণতন্ত্রের ওই উত্তাল আন্দোলন-সংগ্রামে সোচ্চার ভূমিকার জন্য তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন।