ছাত্রলীগের কমিটিতে ‘বিতর্কিত’ ১৯ জনের পদ শূন্য ঘোষণা

নবগঠিত ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি থেকে ১৯ জন ‘বিতর্কিত’ নেতাকে বাদ দিয়েছে ছাত্রলীগ। ওই ১৯ জনের পদ শূন্য ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

তবে বিজ্ঞপ্তিতে কমিটি থেকে বাদ পড়া ১৯ জনের নাম প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের ১৯টি পদ শূন্য ঘোষণা করা হলো। পরবর্তীতে যাচাই-বাছাইপূর্বক পদগুলো পূরণ করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, বিভিন্ন মাধ্যমে অভিযোগ পাওয়ার পর আমরা স্বপ্রণোদিত হয়ে সেগুলো যাচাই-বাছাই করেছি। সে ক্ষেত্রে আমরা প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ১৯ জনকে শনাক্ত করেছি। আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেশে ফিরলে আমরা তার কাছেই সব প্রমাণ ও তথ্যাদি দেব।”