ছাত্রলীগের সাবেক সদস্য জারিন দিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, গত ১৩ মে মধুর ক্যান্টিনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে গত ২০ মে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কৃত জারিন দিয়া (সাবেক সদস্য, কেন্দ্রীয় নির্বাহী সংসদ) তার কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে অনুতপ্ত হয়েছেন। এ কারণে মানবিক দিক বিবেচনা করে তার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
প্রসঙ্গত, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকায় স্থান না পেয়ে আন্দোলন করেছিলেন ছাত্রলীগ নেত্রী জারিন দিয়া।
২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হামলার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে জারিন দিয়াসহ পাঁচজনকে বহিষ্কার করা হয়।
এর তিন ঘণ্টা পর রাত ১২টার দিকে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর প্রতি ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দেন সম্প্রতি আলোচিত হওয়া এই ছাত্রলীগ নেত্রী।
এরপর রাতেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন জারিন দিয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।