আহত মুসলিমদের সব টাকা দান করে দিল সেই ডিমবালক

সেই ডিমবালক উইল কনোলি নিজের ফান্ডের ‘সব টাকা’ আহত মুসলমানদের জন্য দান করে দিয়েছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে বর্বরোচিত ওই হামলায় ৫১ জন মারা যাওয়ার পাশাপাশি অনেকে আহত হন।

মুসলিম বিদ্বেষী অস্ট্রেলিয়ান সিনেটর অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে রাতারাতি পরিচিতি পায় কিশোর কনোলি। বিবিসি জানিয়েছে সে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ লাখ টাকা নিউজিল্যান্ডের একটি দাতব্য সংস্থাকে দিয়েছে।

ক্রাইস্টচার্চ হত্যাযজ্ঞের পর সিনেটর অ্যানিং টুইটারে বলেন, ‘আজ হয়তো মুসলমানরাই শিকারে পরিণত হচ্ছে, সাধারণত তারাই শিকার করে থাকে।’

আরেক পোস্টে তিনি লেখেন, ‘ক্রাইস্টচার্চে আজকের এই হামলা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই দেশেই আমাদের কমিউনিটিতে মুসলমানদের উপস্থিতি বৃদ্ধির ফলে সৃষ্ট ভয়কে সামনে নিয়ে এসেছে।’

এরপর সিডনিতে তিনি একটি অনুষ্ঠানে যান। সেখানে উপস্থিত ছিল ১৭ বছর বয়সী কনোলি। ভিডিও করতে করতে পেছন থেকে হঠাৎ সে ডিম দিয়ে অ্যানিংয়ের মাথায় আঘাত করে। সিনেটরও পাল্টা আক্রমণ করেন। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে চড় মারতে দেখা যায়।

একটি টিভি অনুষ্ঠানে সে বলে, ‘ক্রাইস্টচার্চ ঘটনার পর আমি ভেবেছিলাম গোটা বিশ্ব ভুক্তভোগীদের সমর্থন করবে। কিন্তু এই সিনেটর যে বিবৃতি দেন সেটি ঘৃণা ছড়ানোর সামিল।’

‘আমি বুঝতে পারছি, যা করেছি ঠিক হয়নি। কিন্তু এই কাজ মানুষকে এক করেছে। ভুক্তভোগীদের সাহায্য করার জন্য টাকা জোগাড় করা গেছে।’

কনোলির ওই ঘটনা চাউর হওয়ার পর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাকে মানুষ প্রশংসা করতে থাকে। বিভিন্ন ইভেন্টের মাধ্যমে টাকা জোগাড় হতে থাকে।

মঙ্গলবার সে জানায়, যত টাকা উঠেছে তার সবটাই দিয়ে দেওয়া হয়েছে।