কাজলের শ্বশুর বীরু দেবগনের মারা গেলেন একদিন আগে। এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এই অভিনেত্রীর মা তনুজা।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তনুজার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাতে মাকে হাসপাতালে দেখতে যান কাজল। তবে কী কারণে বর্ষীয়ান অভিনেত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন, তা এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
হিন্দির পাশাপাশি বাংলা, মারাঠি ও গুজরাটি চলচ্চিত্রে অভিনয় করেন তনুজা। তার মা শোভনা সমর্থ ১৯৩০ ও ১৯৪০ এর দশকে ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তনুজার বড় বোন নূতনও ছিলেন বলিউডের ইতিহাসে অন্যতম প্রতিভাবান নায়িকা।
তনুজার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে হামারি ইয়াদ আয়েগি, বাহারেঁ ফির ভি আয়েঙ্গি, জিনে কি রাহে, পয়সা ইয়ে পেয়ার, হাতি মেরে সাথি, মেরে জীবন সাথি, দো চোর, একবার মুসকরা দো, পবিত্র পাপী, ভূত বাংলা, অনুভব, দেয়া নেয়া, অ্যান্টনি-ফিরিঙ্গি, রাজকুমারী, তিন ভুবনের পাড়ে ও প্রথম কদম ফুল।
সোমবার হৃদ্রোগে মারা যান বলিউডের নামী স্টান্ট ডিরেক্টর ও অজয় দেবগনের বাবা বীরু দেবগন। তার শেষকৃত্যের সময় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল গোটা বলিউড। ওই সময় কাজলকে জড়িয়ে ঐশ্বরিয়ার কান্নার ছবি ভাইরাল হয়ে যায়।