‘বিতর্কিত’ ১৯ জনের নাম কেন প্রকাশ করবে না, জানালো ছাত্রলীগ

‘পারিবারিক ও সামাজিক’ দিক বিবেচনা করে কমিটি থেকে বাদ পড়া ‘বিতর্কিত’ ১৯ জন নেতার নাম প্রকাশ করবে না বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তবে বাদ পড়াদের ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের ১৯টি পদ শূন্য ঘোষণা করা হলো। পরবর্তীতে যাচাই-বাছাইপূর্বক পদগুলো পূরণ করা হবে।’

তবে, এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সংগঠনের কমিটিতে পদবঞ্চিতরা একে ‘নতুন একটি প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে পদবঞ্চিতরা একে ‘শুভংকরের ফাঁকি’, ‘চাতুরী’ ও ‘সুপরিকল্পিত অপরাজনীতি’ হিসেবেও আখ্যা দিয়েছেন।

জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘এর আগে যখন আমরা ১৬ জনের নাম প্রকাশ করেছিলাম, তার পরে তাদের অনেকের বাবা-মা বিব্রতকর অবস্থায় পড়েছেন, অনেকে কান্নাকাটি করেছেন। প্রত্যেকেরই একটা সম্মান আছে। নাম প্রকাশ করলে গণমাধ্যমে এমনভাবে ছড়াবে, তাদের মারাত্মক সম্মানহানি হবে। যেমন- যাদের নামের পাশে মাদকাসক্ত লেখা আছে, গণমাধ্যমে নাম প্রকাশের পর তাদের বাবা-মা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবেন। সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাবা-মা তো আর জানেন না যে সে মাদকাসক্ত।’

শোভন বলেন, ‘যাদের নাম আমরা প্রকাশ করেছিলাম, তাদের অনেকে আমাদের কাছে এসে কান্নাকাটি করে বলেছেন, “পদের দরকার ছিল না, এলাকায় লোকজন এখন আমাদের যেভাবে ট্রিট করছেন, বাবা-মা মুখ দেখাতে পারছেন না।” এ কারণে নাম প্রকাশ না করে চিঠি দিয়ে পদ শূন্য ঘোষণার বিষয়টি জানিয়ে দেওয়া হবে। ’

এদিকে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নাম প্রকাশ না করে ১৯ পদ শূন্য করার মধ্য দিয়ে সভাপতি-সাধারণ সম্পাদক ব্যতীত বাকি ২৯৯ জনকে বিতর্কিত করেছে বলে মন্তব্য করেছেন গত কমিটির দপ্তর বিষয়ক উপ-সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন।

বুধবার  দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন গত কমিটির প্রচার সম্পাদক সাইফ বাবু।

সুমন বলেন, যে ১৯টি পদ শূন্য করা হয়েছে তাদের নাম প্রকাশ করতে হবে। এটা কেন গোপন করা হলো। শুধু ১৯ জন নয় কমিটিতে থাকা বাকি বিতর্কিতদেরও বহিষ্কার করতে হবে। তারা ছাত্রলীগের নাম ব্যবহার করে কোনো ধরনের ‘আকাম’ করবে সেটা আমরা মেনে নেব না।