ক্রাইস্টচার্চ হামলা

বেঁচে যাওয়াদের এক লাখ ডলার দিলেন সেই ‘ডিম বালক’

অস্ট্রেলিয়ায় কট্টর ডানপন্থি সিনেটর ফ্রেসার অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে আলোচনায় আসা কিশোর উইল কনোলি ক্রাইস্টচার্চ হামলায় বেঁচে যাওয়াদের জন্য এক লাখ অস্ট্রেলীয় ডলার দিয়েছেন। গত মার্চ মাসের আলোচিত ওই ঘটনার পর তাকে আইনি লড়াইয়ের জন্য অনেকেই অনুদান হিসেবে এই অর্থ দিয়েছিলেন।

১৭ বছর বয়সী উইল কনোলি গত মঙ্গলবার এক ইন্সটাগ্রাম বার্তায় জানিয়েছেন, অনলাইনে তার জন্য যে অর্থ সংগ্রহ করা হয়েছে তার সবটুকু তিনি নিউজিল্যান্ড চ্যারিটির কাছে হস্তান্তর করেছেন। তিনি লিখেছেন, আমি আশা করি এর মাধ্যমে এই ঘটনার শিকার ব্যক্তিদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।

ক্রাইস্টচার্চ হামলার দুই দিন পর ১৬ মার্চ সিনেটর ফ্রেসার অ্যানিং মেলবোর্নে সংবাদ সম্মেলনে বলেন, মুসলিমদের অভিবাসনের কারণেই এ হামলার ঘটনা ঘটেছে। তার এই বক্তব্যের পরই উইল কনোলি পেছন দিক থেকে তার মাথায় ডিম ভাঙেন। সে ঘটনার ভিডিও ফুটেজ ইন্টারনেট-ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর পরই অনলাইনে তিনি ‘ডিম বালক’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন।