মিয়ানমারের কট্টর জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষু উয়িরাথুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছে দেশটির একটি আদালত। গত মঙ্গলবার ইয়াঙ্গুনের একটি আদালত তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছে বলে গতকাল বুধবার জানিয়েছেন পুলিশের মুখপাত্র মিও থু সো। উয়িরাথুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সংখ্যালঘু মুসলিম, বিশেষ করে রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে বিষোদ্গারের জন্য তিনি পরিচিত। মিয়ানমারের প্রভাবশালী সামরিক বাহিনীর এই সমর্থক বেসামরিক অং সান সু চি সরকারেরও কট্টর সমালোচক।
সাম্প্রতিক সমাবেশগুলোতে উয়িরাথু সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন এবং সরকার এমনভাবে সংবিধান পরিবর্তনের চেষ্টা করছে তাতে সামরিক বাহিনীর ক্ষমতা হ্রাস পেতে পারে মন্তব্য করে সরকারের সমালোচনা করেছেন।
ওই ভিক্ষুর এক সমর্থন বলেন, ‘তাকে গ্রেপ্তার করা হলে আমরা কী করব তা বলব না, কিন্তু এটি নিশ্চিত যে আমরা চুপ করে থাকব না।’
মিয়ানমারে ২০১১ সালে সামরিক বাহিনীর শাসন থেকে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এরপর থেকে মিয়ানমারের জাতীয়তাবাদী ভিক্ষুরা রাজনৈতিক প্রভাব অর্জন করতে থাকে। কট্টর জাতীয়তাবাদী এসব ভিক্ষুর মধ্যে উয়িরাথু সবচেয়ে প্রভাবশালী।