ঈদযাত্রায় যানজটের কারণে যাত্রীবাহী বাস কাক্সিক্ষত-সংখ্যক ট্রিপ দিতে না পেরে তা পুষিয়ে নেওয়ার জন্য চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে বলে দাবি করেছেন বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির আয়োজিত ‘ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বন্ধে সম্মিলিত পদক্ষেপ চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি করেন।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘প্রতি বছর ঈদযাত্রা মৃত্যুর মিছিলে পরিণত হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও টিকিট কালোবাজারি বন্ধ করা না গেলে ফিটনেসবিহীন যানবাহন ও পণ্যবাহী গাড়িতে যাতায়াত কোনোভাবেই ঠেকানো যাবে না। বাস, রেল, লঞ্চ ও অভ্যন্তরীণ বিমান পরিবহন কোম্পানিগুলোর ভাড়া-নৈরাজ্য প্রতিরোধে বিআরটিএ, ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অতি জরুরি’।