চলতি ২০১৯ সালের জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত দেশজুড়ে ২৩৩ শিশু ধর্ষণ ও বলাৎকারের শিকার হয়েছে। এ ছাড়া ৩২ শিশুকে ধর্ষণ ও বলাৎকারের চেষ্টা করা হয়েছে। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মানুষের জন্য ফাউন্ডেশন গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে মানুষের জন্য ফাউন্ডেশন ও এর সহযোগী সংগঠনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত দুটি ছেলেশিশুসহ ৩৫ জন যৌন হয়রানির শিকার হয়েছে। এর মধ্যে সাত শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আর ধর্ষণচেষ্টার পর হত্যা করা হয়েছে এক শিশুকে। দুই শিশু ধর্ষণের শিকার হওয়ার পর আত্মহত্যা করেছে।
প্রতিষ্ঠানটি জানায়, ২০১৮ সালে সারা দেশে মোট ৩৫৬ শিশু ধর্ষণের শিকার হয়। এদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয় ২২ শিশুকে। ওই বছর ৫৩ শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়।
এ সময় শিশুদের যৌন হয়রানি বন্ধে যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেপ্তার ও বিচার, শিশুর প্রতি ধর্ষণ ও সহিংসতা বন্ধে বিদ্যমান আইন প্রয়োগের বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ, বিভিন্ন পর্নো সাইট ও বিদেশি চ্যানেলÑ যেখানে সহিংসতার ঘটনা দেখানো হয় তা বন্ধ, তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সচেতনতামূলক ডকুমেন্টারি গ্রাম পর্যায়ে প্রদর্শনের ব্যবস্থা, বিআরটিএর মাধ্যমে গাড়ি চালকদের ধর্ষণ ও যৌন হয়রানি প্রতিরোধমূলক বার্তা প্রদানের ব্যবস্থা গ্রহণসহ বেশকিছু দাবি তুলে ধরে বেসরকারি এই সংস্থাটি।
সংবাদ সম্মেলনে অংশ নেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, আইন ও সালিশ কেন্দ্রের (আশক) নির্বাহী পরিচালক শিপা হাফিজা, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা হোসেন প্রমুখ।