হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দানুবে নদীতে নৌকডুবিতে দক্ষিণ কোরিয়ার ৭ পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৯ জনের মতো।
বিবিসি জানিয়েছে, প্রায় ৩৩ জন পর্যটক ওই নৌকায় ছিলেন। যাদের মধ্যে অধিকাংশ কোরিয়ার নাগরিক। অন্য একটি জলযানের আঘাতে নৌকাটি উল্টে যায়।
দানুবে নদী পর্যটকদের কাছে দারুণ আগ্রহের জায়গা। কিন্তু কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে গেছে। বেড়েছে স্রোত।
ডুবে যাওয়া নৌকাটি দুই ডেকের, ৪৫ জন যাত্রী ধরে তাতে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ১৯ জন কোরিয়ানের নিখোঁজ এবং সাতজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল হাঙ্গেরিতে পাঠানো হচ্ছে বলেও জানানো হয়েছে।
এই প্রতিবেদন লেখার সময় জানা গেছে, নদীটিতে বড় পরিসরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
নিরাপত্তাকর্মীরা সতর্ক করে বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে স্রোত বাড়তে পারে। ঘটতে পারে আরও দুর্ঘটনা।