বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ভাসমান অবস্থায় এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলা সদরের পানগুছি নদীর পুরান থানার খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, “স্থানীয় লোকজন উপজেলার সদরের পানগুছি নদীর পুরান থানার খেয়াঘাট এলাকায় একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে অর্ধগলিত ওই শিশুটির মরদেহ উদ্ধার করে।”
দুই থেকে ৩ দিন আগে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।
তিনি জানান, শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। যার কারণে তার নামপরিচয় এখনো জানা যায়নি। শিশুটি নদীতে পড়ে মৃত্যু হয়েছে নাকি কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির বাড়ি কোন এলাকায় তা জানতে পুলিশ কাজ করছে।