দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন তিনি। তার আগে কারা মন্ত্রী হবেন বা কারা মন্ত্রী হবেন না- তা নিয়ে জল্পনা তুঙ্গে।
গত ২৪ ঘণ্টায় মোদির বাসভবনে একাধিক বৈঠক হয়, বৈঠক হয় বিজেপি সভাপতি অমিত শাহের বাড়িতেও। তিনি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে আসবেন বলে শোনা যাচ্ছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বাসভবনে যান অমিত। শোনা যাচ্ছে, বিকেল ৫টায় যাচ্ছেন নতুন মন্ত্রীরা।
মন্ত্রিসভার সদস্য থেকে যেতে পারেন রাজনাথ সিং, নীতিন গড়করি, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন, সুরেশ প্রভু, স্মৃতি ইরানি, রবিশঙ্কর প্রসাদ, ভিকে সিং ও রাম বিলাস পাশোয়ান। রাহুল গান্ধীকে হারানো স্মৃতি ইরানি বড় দায়িত্বে আনা হতে পারে।
মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অরুণ জেটলি, চিকিৎসার প্রয়োজন উল্লেখ করে মোদিকে চিঠি লিখে মন্ত্রিসভায় না থাকার ইচ্ছা জানিয়ে দিয়েছেন তিনি।
এদিকে শিবসেনার সঞ্জয় রাউত জানিয়েছেন, প্রত্যেক শরিকদের থেকে একজন করে মন্ত্রী হবেন বলে ঠিক হয়েছে।
যদিও সংখ্যায় নিজেরাই সরকার গড়তে পারবে বিজেপি। সামনে বিধানসভা নির্বাচনগুলো মাথায় রেখে শরিকদের গুরুত্ব দিতে পারে বিজেপি।
দিনের শুরুতে বিভিন্ন জায়গায় গিয়েছেন মোদি। রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতি সৌধে যান এবং পরে সাদাইভ অটল সমাধিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির স্মৃতিতে শ্রদ্ধা জানান তিনি।