মানুষের প্রাগৈতিহাসিক প্রজাতির একটি হচ্ছে- নিয়ানডার্থাল। ৪০ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এ মনুষ্য প্রজাতি নিয়ে নৃতত্ত্ববিদদের অনুসন্ধানের শেষ নেই।
নিয়ানডার্থালের আবাসস্থল ছিল ইউরোপ এবং এশিয়ার মধ্য ও পশ্চিম অঞ্চল। অনেকের মতে, অপেক্ষাকৃত বুদ্ধিমান মনুষ্য প্রজাতি হোমো সাপিয়েন্সের শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নেয় । যদিও অনেকে বলে থাকেন, প্রাকৃতিক বিপর্যয় বা কোনো মহামারিতে আক্রান্ত হয় বিলুপ্ত ঘটে তাদের।
ইন্ডিপেনডেন্ট জানায়, নতুন একটি গবেষণা বলছে, তরুণী নারীদের সন্তানধারণের অক্ষমতা কারণে নিয়ানডার্থালের বিলুপ্তি ঘটে। এক্সটিঙ্কশন মডেলের ওপর ভিত্তি করে এক গবেষণায় এ তথ্য দেন ফ্রান্সের এইক্স মার্সেইলে ইউনিভার্সিটির গবেষক আন্না ডিজিওনি।
তিনি বলেন, “কেন তারা হারিয়ে গেল সেটি এ গবেষণায় দেখা হয়নি বরং কীভাবে সেটি ঘটেছে তাই অনুসন্ধান করা হয়েছে।”
আন্না আরও বলেন, “২০ বছরের নিচের নারীদের গর্ভধারণ অনেকটাই ঝুঁকিপূর্ণ। এ ছাড়া খাদ্য স্বল্পতার কারণেও প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে। বিশেষ করে প্রথমবার সন্তান জন্ম দেওয়া নারীদের মধ্যে এটি ঘটেছে বেশি।”
গবেষণাটিতে দেখা গেছে, ৪ হাজার বছর থেকে ১০ হাজার বছর ধরে এই প্রজাতিটির বিলুপ্তি ঘটে। তারা নৃশংসতার শিকার হয়েছেন এবং দীর্ঘ সময় ধরে সেটি ঘটেছে যার ফলে তারা হারিয়ে গেছে, এ ধারণার প্রতি আস্থা রাখতে চায়নি গবেষণাপত্রটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাবলিক লাইব্রেরি অব সায়েন্সের প্লোস ওয়ান জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।