ঋতুপর্ণর মৃত্যুবার্ষিকীতে কবিতা লিখলেন শ্রীজাত

আজ থেকে ঠিক ৬ বছর আগে এই দিনেই সকলকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। ৩০ মে খ্যতনামা এই পরিচালকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। 

২০১৩ সালে মাত্র ৪৯ বছর বয়সে চলে যেতে হয়েছিল পরিচালককে। তার আকষ্মিক মৃত্যু সেদিন যেন বিশ্বাস করতেই পারছিল না চলচ্চিত্র জগৎ। তবুও নিয়তিকে মেনে নিতেই হয়েছিল।

প্রিয় পরিচালকের মৃত্যু দিনে তার উদ্দেশ্যে কলম ধরলেন কবি শ্রীজাত। লিখলেন ‘রাখাল’ কবিতা। নিজের ফেসবুক পেজে সেই কবিতাটি পোস্ট করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

 

রাখাল

ও রাখাল, মথুরাপ্রধান,
বাঁশির কুহরে তোলা গান
কুড়িয়ে ফেরে কি ফুলওয়ালি?

নগরীর পথে ও বাতাসে
পরজনমের কথা ভাসে...
রাধিকা হবে না, বনমালী?

বরিষণে ধুয়ে যাওয়া গৃহ
যত ছিল ব্যথা ও সমীহ
পরিশেষে ফুল হয়ে ওঠে-

তোমাকে সাজিয়ে নিয়ে সখি
ফেলে রাখে ময়ূরপালকই...
ফেরাতে এসেছি আজ, গোঠে।

শরীরে কি মানায় বিরহ?
আকাশ ঘনায় অহরহ
অসময়ে, আগুনের মাসে

সে রাখাল? নাকি বহুরূপী?
বাঁশি শুধু বলে চুপিচুপি-
‘ঋতু যায়, ঋতু ফিরে আসে...’