ব্যাটসম্যানদেরই দায় দিলেন দু প্লেসি

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক ম্যাচে বড় ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। যে হারের জন্য নিজেদের বাজে ব্যাটিংকেই দায়ী করলেন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ দু প্লেসি।

বৃহস্পতিবার ওভালে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইয়ান মরগানের দল। ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই পাত্তা পায়নি প্রোটিয়ারা। টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩১১ রানের পুঁজি গড়ে ইংল্যান্ড। জবাবে ৩৯.৫ ওভারে ২০৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক দু প্লেসি বলেন, ‘‘আমি মনে করি আমরা তিন বিভাগেই পরাস্ত ছিলাম। বিশেষ করে আমরা ১২ ওভারেই ৩ উইকেট হারিয়ে ফেলি। ৩৩০-৪০ রান তাড়া করার জন্য নেমেছি খেলা দেখে এমন মনে হচ্ছিল। আমাদের ৩০০ চিন্তা করে খেলা উচিত ছিল।’’

বড় লক্ষ্য তাড়া করতে নেমে জফরা আর্চারের তোপে ৯.৩ ওভারে ৪৪ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া শুরুতেই হাশিম আমলা মাঠ ছেড়েছিলেন আর্চারের বাউন্সারের আঘাতে। শেষ দিকে যদিও মাঠে নেমেছিলেন। তবে তার আগেই প্রোটিয়াদের পরাজয় নিশ্চিত হয়ে যায় অনেকটাই।

ব্যাটে-বলে দুর্দান্ত ইংল্যান্ড দলকে কৃতিত্ব দিতে ভোলেননি দু প্লেসি, ‘‘তাদের ব্যাটিং সত্যিই দারুণ ছিল। তারা যে উঁচু সারির দল সেটি নিজেদের ব্যাটিংয়ে আজ প্রমাণ করেছে।’’

এদিন দক্ষিণ আফ্রিকা বোলিং ওপেন করায় লেগ স্পিনার ইমরান তাহিরকে দিয়ে। বিশ্বকাপের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এই প্রথম কোনো স্পিনার প্রথম ওভার করলেন। যা পরিকল্পনা থেকেই করা বলে জানালেন দু প্লেসি।

সংবাদ সম্মেলনে দু প্লেসি বলেন, ‘‘এটা পরিকল্পনা ছিল। আমরা দুই প্রান্ত থেকেই লেগ স্পিন দিয়ে শুরু করতে চেয়েছিলাম। বিশেষ করে রয়ের (জেসন রয়) জন্য। এটা আজ দারুণভাবে কাজ করেছে।’’

আমলার চোট গুরুর নয় বলে জানিয়েছেন দু প্লেসি। তবে কাঁধের চোটে ভোগা ডেল স্টেইনের অপেক্ষায় তিনি, ‘‘আমলা এখন ঠিক আছে। যখন ড্রেসিং রুমে ফিরছিল, সে ঠিক ছিল। এটা পরে ম্যাচে আমাদের জন্য ইতিবাচক দিক অবশ্যই। যখন স্টেইন ফিরবে এবং আমরা বোলিংয়ে পুরো শক্তি ফিরে পাব, তখন আমরা তিন শর মধ্যে প্রতিপক্ষকে আটকাতে পারব।’’