বাণিজ্যযুদ্ধে উসকানি নগ্ন অর্থনৈতিক সন্ত্রাস : চীন

বাণিজ্যযুদ্ধে উসকানি দেওয়াকে ‘নগ্ন অর্থনৈতিক সন্ত্রাস’ হিসেবে আখ্যায়িত করেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী ঝ্যাং হ্যানহুই। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের উত্তাপ বাড়ার মধ্যেই গতকাল বৃহস্পতিবার তিনি এ আখ্যা দেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানী পেইচিংয়ে জ্যেষ্ঠ এই কূটনীতিক সাংবাদিকদের বলেন, বাণিজ্যে নিষেধাজ্ঞা, শুল্কারোপ ও সংরক্ষণবাদের মতো বিষয়গুলোর বিরোধী চীন। তিনি আরও বলেন, ‘আমরা বাণিজ্যযুদ্ধের বিরোধিতা করলেও বাণিজ্যযুদ্ধকে ভয় পাই না। ইচ্ছাকৃতভাবে উসকে দেওয়া এ ধরনের বাণিজ্যযুদ্ধ নগ্ন অর্থনৈতিক সন্ত্রাস, অর্থনৈতিক হত্যা ও অর্থনৈতিক জবরদস্তি।’

বাণিজ্যযুদ্ধে মার্কিন পদক্ষেপের বদলা হিসেবে এক ধরনের রাসায়নিক (রেয়ার-আর্থ এলিমেন্ট) রপ্তানি নিয়ন্ত্রণে চীনের হুমকির পর বিশ্বজুড়ে অর্থবাজারে ধস নামে। এমন বাস্তবতায় উল্লিখিত মন্তব্য করলেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী। গত বুধবার ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতন দেখা যায়। অন্যদিকে চার মাসের মধ্যে সবচেয়ে বড় পতন দেখে ডাউ জোন্স।