কোটি টাকা আত্মসাৎ

ডাচ-বাংলার চাকরিচ্যুত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ভুয়া ভাউচার নম্বর বসিয়ে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির চাকরিচ্যুত সহকারী ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল থানায় দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, ডাচ-বাংলা ব্যাংকের ঢাকা লোকাল অফিসে সঞ্চয়পত্রের অসমন্বিত অবস্থার সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ভাউচার বা রেফারেন্স নম্বর ব্যবহার করে আসামি ১ কোটি ১ লাখ ২২ হাজার ২৩০ টাকা নিজের হিসাবে স্থানান্তর করেন। পরে অর্থের উৎস গোপন করতে একটি স্টাফ সঞ্চয়ী হিসাবে ৯ লাখ ২০ হাজার ২৩০ টাকা জমা করেন এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে বাকি  ৯২ লাখ টাকা মূল্যের পাঁচটি মেয়াদি আমানত হিসাব খুলে ও পরবর্তী অল্প সময়ের ব্যবধানে সে আমানতগুলো নগদায়ন করে স্টাফ সঞ্চয়ী হিসাবে জমা করে এবং ছোট ছোট পরিমাণে ওই টাকা উত্তোলন করে আসামি আত্মসাৎ করেন। ওইসব অভিযোগে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৭৭ ক/৪৭১ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪ ধারায় মামলা করা হয়।