বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসন্ন ঈদুল ফিতরের আগেই তার মুক্তি দাবি করেছে ‘শত নাগরিক কমিটি’। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপিপন্থি বুদ্ধিজীবীদের সংগঠনটি এ দাবি জানায়। কমিটির পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেছেন দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু।
বিবৃতিতে সংগঠনের নেতারা বলেছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। অসুস্থ অবস্থায়ই এক বছরের বেশি সময় ধরে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় কারাদন্ড দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, খালেদা জিয়া ন্যূনতম মৌলিক অধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত।
বিবৃতিতে বলা হয়, শত নাগরিক কমিটির প্রত্যাশা কল্যাণ, মঙ্গল ও শ্রেয়বোধ আমাদের অন্তর আত্মাকে জাগিয়ে দেবে। সত্য ও সুন্দরের পথে সরকার এগিয়ে আসবে। তারা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মগুলোর মর্মার্থ অনুধাবন করতে সক্ষম হবে।