দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা, মিলাদসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার কবরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে ওলামা দলের উদ্যোগে মিলাদেও অংশ নেন মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ ছাড়া সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় ও গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।
১৯৮১ সালের ৩ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।