এসএসসির পুনঃনিরীক্ষণের ফল কাল

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আগামীকাল ১ জুন শনিবার প্রকাশ করা হবে। এদিন দেশের ৮টি সাধারণ বোর্ডের খাতা পুনঃনিরীক্ষণের ফল একযোগে প্রকাশ করা হবে। গতকাল বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১ জুন ঢাকা বোর্ডসহ সব সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করার লক্ষ্যেই কাজ চলছে।’ বোর্ড থেকে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় সারা দেশে তিন লাখ ৬৯ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন পড়েছে।  গত ৬ মে সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসির ফল ঘোষণা করেন। এ বছর পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন।  উত্তীর্ণ হয় ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৬৫০ জন।  গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেশি ছিল ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন।