জুন মাসের মধ্যে সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের সভাপতি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, এই বিষয়টি আর ঝুলিয়ে রাখা ঠিক হবে না। যত দ্রুত সম্ভব সমাধান করে সবার কাছে গ্রহণযোগ্য একটা ঘোষণা আমরা দেব।’
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ-২০১৮ পরীক্ষা-নিরীক্ষা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নবম ওয়েজ বোর্ড ঘোষণার আগে সব অংশীজনের সঙ্গে আমরা যৌথ সভা করব। আগামী ১২ জুন সকাল ১১টায় তথ্য মন্ত্রণলায়ের সম্মেলনে কক্ষে যৌথ সভাটি করব।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।