অফিসে খাটো স্কার্ট পরলেই মিলছে নগদ টাকা

অফিসে স্কার্ট পরে কাজে আসলে নগদ বোনাস দিচ্ছে রাশিয়ার একটি কোম্পানি। টেটপ্রফ নামে একটি অ্যালুমিনিয়াম উৎপাদন কোম্পানি এমন অফার দিয়েছে।

বিবিসি জানায়, নারী কর্মীদের স্কার্ট বা এ ধরণের পোশাক পরে অফিসে আসতে উদ্বুদ্ধ করতে এ বোনাস দেওয়া হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ অফার চলবে বলে জানা গেছে।

২০১৪ সালের শীতকালীন অলিম্পিক ও ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের মালামাল সরবরাহের কাজ পেয়েছিলো টেটপ্রফ।

কোম্পানিটি জানায়, যেসব নারী কর্মী স্কার্ট পরবে, তাদের নিয়মিত বেতনের বাইরে একশ রুবল বা দেড় মার্কিন ডলার করে অতিরিক্ত অর্থ দেওয়া হবে। আর বোনাস পেতে এলে অফিসে এসে নিজের একটি ছবি তুলে পাঠাতে হবে তাদের।

তবে এমন সিদ্ধান্তে রীতিমত তোপের মুখে পড়েছে কোম্পানিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই নারীদের বাজেভাবে উপস্থাপনের অভিযোগ করেছেন। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ওই কোম্পানিটি।

টেটপ্রফ মুখপাত্র একটি একটি রেডিও স্টেশনকে বলেন, “আমরা আমাদের কাজের দিনগুলোকে উজ্জ্বল করতে চাই। আমাদের টিমে ৭০ ভাগই পুরুষ। এখানে অনেক নারীই ট্রাউজার পরে আসে। আমরা আশা করছি আমাদের প্রচারণা নারীদের মধ্যে সচেতনতা আনবে যাতে করে তারা তাদের নারীত্বকে উপভোগ করতে পারে।”