দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধান, ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের পাশাপাশি তারকা খচিত শপথের অনুষ্ঠান হলো নরেন্দ্র মোদির। সেখানে করণ জোহরের তোলা সেলফিতে পাওয়া গেল দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্ত ও বলিউড সেনসেশন কঙ্গনা রনৌতকে।
স্বজনতোষণ নিয়ে অনেক দিন ধরে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছিলেন প্রযোজক করণ ও কঙ্গনা। মোদির কল্যাণে তারা এক ফ্রেমে আসলেন।
এই অনুষ্ঠানে আরও ছিলেন আশা ভোঁসলে, জিতেন্দ্র, অনুপম খের, অনিল কাপুর, হেমা মালিনী, শাহিদ কাপুর ও মীরা রাজপুত কাপুর, বনি কাপুর, সুশান্ত সিং রাজপুত, কপিল শর্মা, রাজকুমার হিরানি, সিদ্ধার্থ রায় কাপুর, আনন্দ এল রাই সহ আরও বেশ কয়েকজন। তবে দেখা যায়নি বিবেক ওবেরয়, বোমান ইরানি, রাকেশ মেহরা ওমপ্রকাশ ও সিদ্ধার্থ রায় কাপুরকে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বার্তা সংস্থাকে কঙ্গনা বলেন, “আমার শুভকামনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। আমি চাই তার সব স্বপ্নপূরণ হোক। আমাদের দেশকে অর্থনীতির দিক থেকে আরও উন্নত করুন।”
অনুপম খের বলেন, “মোদির বিকল্প এখনো তৈরি হয়নি। আমার স্ত্রী কিরণ এই সংসদের সদস্য। এই ঐতিহাসিক অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি।”
প্রযোজক বনি কাপুর বলেন, “এনডিএ সরকারের দ্বিতীয়বারের জয় উদযাপন করার মতোই। আজ গণতন্ত্রের উদযাপনের দিন। এটাই কাম্য ছিল। দেশ এবার আরও এগোবে। আরও ভালো কিছু পাবে।”