বান্ধবীর জন্মদিনে উড়োজাহাজ দুর্ঘটনায় পপ গায়কের মৃত্যু

বান্ধবীর সঙ্গে দেখার করার জন্য উড়োজাহাজে চেপেছিলেন পপ গায়ক গ্যাব্রিয়েল ডিনিজ। কিন্তু প্রিয়জনকে দেখা হলো না তার। এর আগেই দুর্ঘটনায় মারা গেলেন।

পিপল ডটকম জানায়, বান্ধবী ক্যারোলিন ক্যালহেইরোর জন্মদিনের অনুষ্ঠান ছিল বুধবার।

২৮ বছর বয়সী ল্যাটিন পপ স্টারকে বহনকারী উড়োজাহাজটি ব্রাজিলের এসটানসিয়ায় দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয় মিডিয়াকে গ্যাব্রিয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করেন সেনা পুলিশ।

ছোট আকারের বিমানটি বিধ্বস্ত হয়ে একটি নদীতে গিয়ে পড়ে। আরও মারা যান পাইলট ও গ্যাব্রিয়েলের এক সঙ্গী। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

ব্রাজিলের বাহিয়া প্রদেশে একটি অনুষ্ঠান শেষ করে পালমারেসের দিকে যাচ্ছিলেন গ্যাব্রিয়েল। 

২০১৬ সালে ‘প্যারাক্যুডাস’ গানের মাধ্যমে জনপ্রিয়তা পান গ্যাব্রিয়েল। সম্প্রতি ‘জেনিফার’ নামের নতুন সিঙ্গেল প্রকাশ হয়েছে।

ব্রাজিলের ফেইরা ডে সানটানায় এক কনসার্টে সর্বশেষ পারফর্ম করেন গ্যাব্রিয়েল। এই নিয়ে সপ্তাহখানেক আগে ইনস্টাগ্রাম পোস্টে জানান, সানটানায় ফিরে আসা সব সময় উপভোগ করেন। তাকে ইতিবাচক শক্তিকে ভরিয়ে দেয়। আল্লাহ চাইলে আবারও সেখানে পারফর্ম করতে চান বলেও জানান।