দারুণ একটি রেকর্ডের হাতছানি নিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ম্যাচটিতে একটি ছক্কা হাঁকাতে পারলেই দারুণ একটি রেকর্ড নিজের করে নেবেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডের মালিক হয়ে যাবেন এই ব্যাটিং দানব!
রেকর্ডটি বর্তমানে গেইল ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের যৌথ মালিকানায়। বিশ্ব আসরে সমান ৩৭টি করে ছক্কা হাঁকিয়েছেন তারা। ৩১টি ছক্কা নিয়ে এই তালিকায় তৃতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। পাকিস্তানের বিপক্ষে একটা ছক্কা হাঁকাতে পারলেই রেকর্ডটি একার করে নেবেন ৪০ ছুঁই ছুঁই গেইল।
গেইল তাঁর ২০ বছরের ক্যারিয়ারে ওয়ানডে ম্যাচ খেলেছেন ২৮৯টি। ২৫ শতক ও ৫১ অর্ধশতকসহ রান করেছেন ১০ হাজারের উপরে। দীর্ঘ ক্যারিয়ারে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও ওয়ানডেতে তেমন কোনো দলীয় সাফল্য নেই তার।
এবার নিয়ে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন গেইল। গত চার আসরে ২৬টি ম্যাচ খেলে করেছেন মাত্র দুটি সেঞ্চুরি। সবশেষ ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন ২১৫ রানের মহাকাব্যিক ইনিংস। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম দ্বিশতক। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে গেইল অসাধারণ কিছুই করতে চাইবেন বলে ধারণা করা হচ্ছে।