ভারতের লোকসভা নির্বাচনের পরও ‘জয় শ্রীরাম’ সংক্রান্ত বিতর্ক থামছে না। এবার পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এই স্লোগান দেওয়ায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর গাড়িবহর বেরিয়ে যাওয়ার পর থেকেই তল্লাশি শুরু হয় এলাকায়।
পুলিশ বলছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা পুলিশ কর্মীরা এবং এক শীর্ষ আইপিএস কর্মকর্তা মোবাইলে স্লোগানের ঘটনা রেকর্ড করেন। সেই ভিডিওর ভিত্তিতে আটকদের মধ্য থেকে ১০ জনকে চিহ্নিত করা হয়। সবাইকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জয় শ্রীরাম স্লোগান ধর্মীয় হলেও এটি মূলত বিজেপির কর্মীরা বেশি ব্যবহার করেন। নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগানটি নিয়ে আপত্তি তোলেন। সেই থেকে শুরু হয় বিতর্ক।
এখন মমতাকে দেখলেই বিজেপি কর্মীরা এই স্লোগান দেয়। আর স্লোগান শুনলেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি।
গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপি পশ্চিমবঙ্গে আন্দোলনের ডাক দিয়েছে।