আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থা গণমাধ্যমের ‘সুপার এডিটর’: রিজভী

সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থা গণমাধ্যমের ‘সুপার এডিটর’ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, সরকার ও গোয়েন্দা সংস্থা নানা কূটকৌশল করে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পেরে এখন কিছু গণমাধ্যমকে দিয়ে মনগড়া কল্পকাহিনী রচনা করছেন, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

‘গত দুদিন আগে ইংরেজি পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, যা চাচ্ছি তা লিখতে পারছি না। অনেক ইস্যুতে লেখা উচিত, যেমন ধরুন- গত নির্বাচন। এ ছাড়া আরও ছোট নির্বাচনগুলো নিয়ে লেখা উচিত, যা লেখা ও বলা উচিত তা ইচ্ছা থাকা সত্ত্বেও লিখতে ও বলতে পারছি না। এ হলো বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতা!’

রুহুল কবির রিজভী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থাগুলো কার্যত গণমাধ্যমের ‘সুপার এডিটর’ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তিনি এসব বলেন।

এর আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সব পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধ আছেন। তার নেতৃত্বে এগিয়ে চলছে বিএনপি।

তিনি বলেন, বিএনপির জ্যেষ্ঠ নেতা থেকে তৃণমূল পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন তারেক রহমান। তিনি বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে কথা বলছেন, খোঁজখবর রাখছেন এবং সাংগঠনিক নির্দেশনা দিচ্ছেন।

বিএনপির এই নেতা বলেন, দলকে গতিশীল রাখতে ও সাংগঠনিক তৎপরতা বাড়াতে কেন্দ্রীয় সাংগঠনিক টিম ইতিমধ্যে প্রায় সব জেলা সফর করে সাংগঠনিক প্রতিবেদন পেশ করেছেন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা সংশ্লিষ্ট জেলার জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে সাংগঠনিক রিপোর্ট পেশ করছেন এবং সেই অনুযায়ী তারেক রহমান দলের পরবর্তী কার্যক্রমের দিকনির্দেশনা দিচ্ছেন।

রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা উদ্বুদ্ধ হচ্ছেন। দলের কমিটি গঠন, বিভিন্ন কর্মসূচি প্রণয়নসহ সবই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে বাস্তবায়ন করছেন। বিএনপিকে ভাঙার সরকারের কোনো অপচেষ্টাই সফল হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য টিএস আইয়ুব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আলমগীর হোসেন সোহান, সহসাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মিঠু, সহসাংগঠনিক সম্পাদক কাজী ইফতে খায়রুজ্জামান শিমুল, ছাত্রদল নেতা জিসান, সুমন হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।