নিহত এসআই এনামুলের পরিবারের দায়িত্ব নিল সহকর্মীরা

পুলিশের ট্রেনিং শেষে কর্মে যোগদানের দিনই সড়ক দুর্ঘটনায় নিহত এসআই এনামুল হকের পরিবারের দায়িত্ব নিয়েছেন তার সহকর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর পল্লবী জোনের সিনিয়র এসি এস এম শামীম এর কার্যালয়ে এক ইফতার অনুষ্ঠান শেষে এনামুলের বাবা ফাইজুল ইসলাম ও ছোট ভাই মাহিদুলের হাতে ঈদ উপলক্ষে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। ‘৩৬ তম সাব ইন্সপেক্টর ব্যাচ/২০১৮’ এর পক্ষ থেকে এ টাকা দেওয়া হয়।

এ সময় আবেগে আপ্লুত হয়ে পরে ফাইজুল ইসলাম। এনামুলের ছোট ভাই মাহিদুল টঙ্গী সরকারি কলেজে অর্থনীতিতে দ্বিতীয় বর্ষে পড়ছেন। তার পড়ালেখার সকল ভার নিয়েছে ৩৬ তম সাব ইন্সপেক্টর ব্যাচের সদস্যরা।

শৈশবে মাকে হারানো এনামুলকে অনেক কষ্টে মানুষ করেন কৃষক পিতা ফাইজুল। তার আশা ছিল ছেলে চাকরি পেলে সব অভাব দুর হবে। মাত্র ৬ বছর বয়সে মাকে হারায় এনামুল ও মাহিদুল।

ফাইজুল আর্থিক সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন। তিনি বলেন, আমি এক ছেলেকে হারিয়েছি। কিন্তু আরও অনেক ছেলে পেলাম আজ।

ছোট ভাই মাহিদুল বলেন, ‘ভাই আমাকে বলত আর মাত্র কয়েক দিন। এরপরই আমাদের আর কোন অভাব থাকবে না। তুই মন দিয়ে পড়ালেখা কর।’

এসি এস এম শামীম বলেন, ভবিষ্যতে এনামুলের পরিবারকে আরও সহায়তা দেওয়া হবে। তার ছোট ভাই এর পড়ালেখার জন্য আমার সাধ্য মতো চেষ্টা করব।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে ট্রেনিং শেষ করে ৬ ফেব্রুয়ারি ডিএমপিতে যোগদানের কথা ছিল এনামুলের। কিন্তু ওই দিন ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। এনামুলের গ্রামের বাড়ি গাজিপুরের কালিগঞ্জের বাসাবাসিতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে পুলিশের এসআইতে চাকরি পান।