যুক্তরাষ্ট্রে সরকারি ভবনে বন্দুকধারীর হামলায় নিহত ১২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সরকারি ভবনে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সময় শুক্রবার ভার্জিনিয়ার বিচ সিটি সরকারি পরিষেবা ভবনে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বন্দুকধারী ভার্জিনিয়ার বিচ সিটির দীর্ঘ দিনের এবং বর্তমান কর্মচারী। তিনি সরকারি পরিষেবা ভবনে নির্বিচার গুলি করতে শুরু করেন।

বন্দুকধারীর নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

কর্মকর্তারা জানান, গোলাগুলির সময় ভেস্টে গুলি লেগে এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

জানা গেছে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপ্যাল সেন্টারে গোলাগুলি শুরু হয়। সেখানে বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে। তাৎক্ষণিক পুলিশ ওই এলাকা ঘেরাও করে কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে নিতে শুরু করে।