মসজিদের জায়গায় অত লোক ধরতো না। বাধ্য হয়ে কেউ কেউ বাইরে দাঁড়িয়ে পড়েন। তবু জায়গার চাহিদা মিটছিল না। এটি দেখতে পেয়ে এগিয়ে এলেন বাজারের হিন্দু ব্যবসায়ীরা। দোকান ছেড়ে সব মুসলিমকে করে দিলেন নামাজ পড়ার সুযোগ। ভারতের ভোপালে ঘটেছে সম্প্রতির এই ঘটনা।
রমজান মাসে ঈদের আগে শেষ শুক্রবারের নামাজকে বলা হয় ‘জুমাতুল বিদা নামাজ’। সেই নামাজ পড়তে ভোপালের চক বাজার এলাকার জামা মসজিদের সামনে শুক্রবার দুপুরে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ জড়ো হন। মসজিদের ভেতরে ও বাইরে পুরো ভরে যায়। তখনও বহু মানুষ নামাজের জন্য অপেক্ষা করছিলেন। এই অবস্থা দেখে নিজেদের দোকান ও দোকানের সামনের জায়গা নামাজ পড়ার জন্য ছেড়ে দেন স্থানীয় হিন্দু ব্যবসায়ীরা।
শুধু তাই নয়; নামাজ পড়তে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য মাদুরও দেন তারা। সেই সময় বাজারে কোনো ক্রেতা যাতে না আসেন, সে খেয়ালও রাখেন তারা।
এই ঘটনা দেখে বিকাশ আগারওয়াল নামে এক স্থানীয় ব্যবসায়ী বলেন, ভোপালবাসী এখন অনেকটা পরিণত। অনেক পথ পার হয়ে এই অবস্থায় এসেছি আমরা।
তিনি জানান, দীপাবলির সময়ও এখানে মুসলিমরা অংশ নেন।