সমকামী না হওয়ার রহস্য ফাঁস করলেন দুতের্তে

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্যে সংবাদের শিরোনাম হয়েছেন রদ্রিগো দুতের্তে। তার তির্যক মন্তব্য থেকে বাদ যাননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে গির্জার যাজকও।

এবার খোঁচা দিলেন সমকামীদের। আর সেটা করতে গিয়ে কী কাণ্ডটাই না ঘটালেন তিনি!

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, জাপানের টোকিও শহর ফিলিপিনো সম্প্রদায়ের মানুষের উদ্দেশে ভাষণ রাখছিলেন তিনি। হঠাৎ আমন্ত্রণ জানানো হয় পাঁচ ফিলিপিনো নারীকে। ওই পাঁচ নারীকে তিনি অনুরোধ করেন, তাকে চুম্বন করে এই সভা শেষ করার জন্য।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দুতের্তের দীর্ঘদিনের সঙ্গীও। এখানেই শেষ নয়। চুম্বন শেষে তিনি বলেন, “সুন্দরী মহিলারাই তাকে গে (সমকামী) হওয়া থেকে ‘সুস্থ’ করে তুলেছে।”

বিদেশ সফরে গিয়ে চুম্বনে মেতে ওঠার ঘটনা এই প্রথম নয় দুতের্তের। ২০১৮ সালের জুন মাসে দক্ষিণ কোরিয়ার সিউলে গিয়েও তিনি এক বিবাহিত ফিলিপিনো কর্মীকে চুম্বন করেন। এনিয়ে ওই সময় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে।