জয় হিন্দ ও বঙ্গ জননী বাহিনীর চেয়ারম্যান ঠিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরএসএসের মতো সংগঠন যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজেদের সংগঠন বৃদ্ধির কাজ করছে তাদের টেক্কা দিতেই এই দুটি বাহিনী কাজ করবে। কোর কমিটি বৈঠকে সম্প্রতি এ কথা জানালেন তৃণমূল নেত্রী।
জয় হিন্দ বাহিনী দেখবেন মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, বঙ্গজননী বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে দীর্ঘদিনের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন এই তিনজন।
একই বৈঠকে দখল হয়ে যাওয়া পার্টি অফিস দ্রুত পুনরুদ্ধারে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিলেন মমতা।
লোকসভা নির্বাচনে জয়ের পর পশ্চিমবঙ্গে অনেক এলাকায় তৃণমূলের অফিস বিজেপি দখল করেছে বলে অভিযোগ উঠেছে।
পাশাপাশি মমতা জানান, সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যা বুঝে নতুন করে সংগঠনকে শক্তিশালী করতে হবে। কেন বিজেপির ভোট বাড়ছে তা খতিয়ে দেখতে হবে দলের নেতা-কর্মীদের।
বৈঠকে দলের একাংশের নেতাদের কড়া সমালোচনা করেন মমতা। তিনি বলেন, বিজেপির দেওয়া অর্থের কাছে তৃণমূলের কিছু নেতা আত্মসমর্পণ করেছেন। এই আচরণ দল কখনোই মেনে নেবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া তৃণমূল সুপ্রিমো বলেন দলের যে সমস্ত পুরোনো দিনের কর্মী এখন সক্রিয় নন তাদের কাছে পৌঁছতে হবে। তাদের নিয়ে এসে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন।