লিচু কুড়াতে গিয়ে স্কুল ছাত্রী ধর্ষণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় লিচুর বাগানে লিচু কুড়াতে গিয়ে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

শুক্রবার বিকেলে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে শনিবার বীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ঐ ছাত্রীর ফুফু।

ধর্ষণের অভিযোগে লিচু বাগানের পাহারাদার মো. খলিল (২৩) এবং রণজিৎ দেবনাথ (৩০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলের দিকে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের গোপাল মাস্টারের লিচু বাগানে লিচু কুড়াতে যায়। মেয়েটিকে একা পেয়ে জোর পূর্বক লিচুবাগান পাহারাদার পাশের আরেকটি লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে।

অভিযোগকারী ঐ ছাত্রীর ফুফু বলেন, ‘শিশুটি আমার কাছেই থাকে। শুক্রবার বিকেলে লিচু বাগানে লিচু কুড়াতে গেলে পাহারাদার খলিল ও রণজিৎ লিচু দেওয়ার কথা বলে পাশের বাগানে নিয়ে যায়। পরে সেখানে দুইজন মিলে ধর্ষণ করে। এতে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।’

সরেজমিনে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুটি হাসপাতালের বিছানায় শুয়ে আছে।

এ সময় শিশুটি বলে, আমি লিচু কুড়াতে গিয়েছিলাম, তখন দুইজন লোক আমাকে বলে পাশের বাগানে লিচু আছে। তখন আমাকে ওই বাগানে নিয়ে যায়। ওখানে নিয়ে গিয়ে আমাকে তারা জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় আমি চিৎকার করলে আমার মুখ চেপে ধরে।

এ বিষয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রেশমা আক্তার বলেন, ‘শিশুটির রক্তক্ষরণ হয়েছিল। তবে আশঙ্কাজনক কিছু হয়নি। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।’

ধর্ষণের বিষয়ে বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বনাথ দাস বলেন, ‘ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শনিবার এ বিষয়ে শিশুটির ফুফু বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।