যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের পরবর্তী প্রধান হিসেবে বরিস জনসনই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাসীন টোরি দলের পরবর্তী শীর্ষ নেতাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে টেরিজা মের মেয়াদের বাকি সময় দায়িত্ব পালন করবেন।
চলতি মাসেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন টেরিজা মে। তার জায়গায় কে স্থলাভিষিক্ত হচ্ছেন, তা ঠিক করতে কয়েক দিনের মধ্যেই কনজারভেটিভ পার্টিতে ভোটাভুটি হবে বলে জানিয়েছে বিবিসি। চলতি সপ্তাহে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যাওয়ার কথা আছে ট্রাম্পের। তার আগে ব্রিটিশ ট্যাবলয়েড সানকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন টোরি নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিসকে পছন্দের কথা জানান।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, বরিস অসাধারণ কাজ করবেন। আমি জানি না তাকে নির্বাচিত করা হবে কি না, কিন্তু সে খুব ভালো মানুষ বলে আমার মনে হয়।’
টোরির নেতৃত্বপ্রত্যাশী অনেকেই তার সমর্থন চেয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। যদিও কারও নাম বলেননি তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি যে কাউকেই সাহায্য করতে পারি।’
টোরি দলের নেতৃত্ব নিতে চাওয়া ব্যক্তিদের তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদও যুক্ত হয়েছেন, জানিয়েছে বিবিসি। ডেইলি মেইলে লেখা এক নিবন্ধে সাজিদ চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়তে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন।