শেষ প্রস্তুতি ম্যাচ জয় বাংলাদেশের

থাইল্যান্ডে শেষ প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল ব্যাংককের থানিয়াবুরির লিও স্টেডিয়ামে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেড এফসিকে। প্রথম প্রস্তুতি ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ।  ৬ জুন লাওসে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশের।

তার আগে থাইল্যান্ডে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলল জেমি ডে’র শিষ্যরা। গত মঙ্গলবার এয়ারফোর্স ইউনাইটেড এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। ম্যাচে ৬৭ মিনিট পর্যন্ত গোল পায়নি বাংলাদেশ। কিন্তু বসুন্ধরা কিংসের স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ ও আরামবাগের ফরোয়ার্ড আরিফুর রহমানের ৭ মিনিটের ব্যবধানে করা ৩ গোল বাংলাদেশকে এনে দেয় বড় জয়।

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে লাওসের সঙ্গে হোম-অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচ ও ১১ জুন ঢাকায় হোম ম্যাচ। এ লড়াইয়ে জিতলে বিশ্বকাপ বাছাইয়ে টিকে থাকবে বাংলাদেশ। হারলে আগামী চার বছরে ফিফা-এএফসি ম্যাচ পাবে না।