বায়ুদূষণে ইটভাটার ক্ষতিকারক কালো ধোঁয়াকে দায়ী করে তা থেকে উত্তরণে জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন পরিবেশবিদ ও আলোচকরা। তারা বলেছেন, বৃক্ষরোপণ ও সচেতনতা বাড়লে পরিবেশ বিপর্যয় থেকে বাংলাদেশ রক্ষা পাবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আয়োজিত ‘বায়ুদূষণ, করণীয় ও পদক্ষেপ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও উপকমিটির চেয়ারম্যান খন্দকার বজলুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজা খাতুন, আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলাম, স্থপতি ইকবাল হাবীব, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ।
সভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘প্রায় সকল বক্তাই বলেছেন ইটভাটার কারণে পরিবেশ দূষণ হচ্ছে সবচেয়ে বেশি। এটা আমাদের বাতাস দূষণের জন্য একটা ফ্যাক্টর। কিন্তু একই সঙ্গে চিন্তা করতে হবে ইটের মাধ্যমে বিল্ডিং তৈরি হচ্ছে, এটা আমাদের অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ।’