পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে অতিথিদের যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
নিরাপত্তার অজুহাতে এমন আচরণকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আখ্যা দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে ইসলামাবাদের সেরেনা হোটেলে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান ঘিরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল পাকিস্তান।
অভিযোগ উঠেছে, নিরাপত্তার বাড়াবাড়িতে এবং নিরাপত্তাকর্মীদের দুর্ব্যবহারের ফলে বহু অতিথি অনুষ্ঠান স্থলেই পৌঁছতে পারেননি। তাদের ফিরে যেতে বাধ্য করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া।
তিনি বলেন, “লাহোর এবং করাচি থেকে যে বন্ধুরা এসেছেন, তাদের অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে। এমনকি অনেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন। আপনাদের প্রত্যেকের কাছে আমি দুঃখপ্রকাশ করছি।”