রাঙ্গামাটিতে নির্মাণাধীন ভবনের মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আঙ্গুর আলী (৬৫), সেন্টু মিয়া (৪১) ও মো. পাপ্পু মিয়া। তিনজনেরই বাড়ি রাঙ্গামাটি শহরে। আহত মো. সাইফুল (৪০) বর্তমানে রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা কলেজ এলাকার পারভীন আক্তারের ভবন নির্মাণের জন্য ভীত তৈরির জন্য গর্ত খুঁড়ে। এসময় নির্মাণ কাজে ১১জন শ্রমিক নিযুক্ত ছিলেন। তার মধ্যে ৪জনের ওপর মাটি ভেঙে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত সাইফুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেন। বাড়ির মালিকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ উদয়ন চাকমা বলেন, “আমরা খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর জানান, রোববার দুপুর একটার পর মহিলা কলেজের পাশেই পারভীন নামের এক স্কুল শিক্ষিকার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।