ইংলিশ মিডিয়ামে জিয়াউর রহমানকে ভিলেন হিসেবে দেখানো হয়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'যে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তাদের কাছ থেকে আমি শুনেছি, সেখানে জিয়াউর রহমানকে ভিলেন হিসেবে, খলনায়ক হিসেবে দেখানো হয়। এটা অত্যন্ত সুপরিকল্পিত'।

তিনি বলেন, 'বর্তমান প্রজন্ম জিয়াউর রহমান সম্পর্কে কিছুই জানে না। তাদের কাছে শহীদ জিয়াকে উল্টোভাবে চিত্রায়িত করা হয়'।

রবিবার বেলা ১১টায় নয়াপল্টলে 'আঁধারের সাথে দ্বন্দ্ব' শীর্ষক স্মৃতি স্মারক ও দেয়ালিকা প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এখন অত্যন্ত 'দুঃসময়', 'সংকটকাল' চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই সংকটকালকে অনেকে বলে বিএনপির সংকট। বিএনপির কোনো সংকট নয় এটা। এটা গোটা জাতির সংকট। বাংলাদেশের জাতি তার সমস্ত অর্জনগুলোকে হারিয়ে ফেলছে।

মির্জা ফখরুল বলেন, দলকে টিকিয়ে রাখা, বিএনপিকে টিকিয়ে রাখা, জাতিকে টিকিয়ে রাখার মূলমন্ত্রই হলো জাতীয়তাবাদ। সুতরাং বাংলাদেশের জাতীয়তাবাদের বাইরে অন্য কিছু চিন্তা করাটা আমাদের জন্য ভুল হবে।

তিনি বলেন, আজকে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করে কারাগারে আছেন। আমাদের তাকে মুক্ত করতে হবে। যারা জিয়াউর রহমানকে ভালোবাসি, রাজনীতিকে ভালোবাসি, জাতীয়তাবাদকে বিশ্বাস করি আজ আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে খালেদা জিয়াকে মুক্ত করা।

সংগঠনের সভাপতি বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।