যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুসারে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে হলে আবেদনকারীকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের গত পাঁচ বছরের তথ্য দিতে হবে। ২০১৮ সালের মার্চ মাসে ট্রাম্প প্রশাসন নতুন এই বিধি আরোপের প্রস্তাব করেছিল বলে জানায় ইন্ডিয়া টুডে।
কূটনীতিক ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রে অবশ্য এই বিধির কঠোরতা থাকছে না। তবে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত ভুল তথ্য দিয়ে ভিসা পাওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বিধিতে বলা হয়েছে, আবেদনকারীকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত নাম (ইউজার আইডি) এবং গত পাঁচ বছর যাবৎ ব্যবহার করা হয়েছে, এমন ই-মেইল এবং ফোন নম্বর জমা দিতে হবে। গত বছর যখন এই নিয়মের প্রস্তাব করা হয়, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় হিসাব করে দেখেছিল যে এর ফলে ভিসা পেতে আগ্রহী এক কোটি সাতচল্লিশ লক্ষ মানুষের ওপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে।