খুলনায় আত্মসাতের ৩৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

খুলনায় এক ব্যবসায়ীর ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আত্মসাতের ৩৭ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য জানান।

পুলিশ কর্মকর্তা মিঠু জানান, কয়েকজন প্রতারক পরস্পর যোগসাজশে নগরীর লবণচরার মোহাম্মদনগর বাইতুল মেরাজ জামে মসজিদের পাশের (নওয়াব আলীর বাড়ির ভাড়াটিয়া) হাফেজ সাহাবুদ্দীনের ব্যবসায় বিনিয়োগকৃত ৪৩ লাখ টাকা আত্মসাৎ করে। গত ২৩ মে সাহাব্দ্দুীন বাদী হয়ে এ ঘটনায় লবণচরা থানায় মামলা করেন। মামলায় মোহাম্মদনগর এলাকার মোহাম্মদ আয়রন স্টোরের (শাহিনের বাড়ির ভাড়াটিয়া) রুবেল হোসেন (৩৮), জাহিদুর রহমান সড়ক এলাকার আব্দুল খালেক শেখের ছেলে আতিকুর রহমান টনি (২৯) ও রুবেল হোসেনের স্ত্রী অনন্যা ইসলামকে (২৬) আসামি করা হয়। পরে গত শনিবার অভিযান চালিয়ে নীলফামারীর সৈয়দপুর শহরের একটি হোটেল থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আত্মসাতের ৬ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যে তার ভাতিজা সাইফুল ইসলাম অভিকে মুন্সীগঞ্জের লৌহজং থানার দক্ষিণ হলুদিয়া গ্রাম থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় আরও ৩১ লাখ টাকা। লবণচরা থেকে গ্রেপ্তার করা হয় আরেক আসামি টনিকে।